নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধা বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ১২ জুলাই, ২০২৬
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রবিবার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং প্রতিনিধিদলের অন্য সদস্যদের বই উপহার দেন।
বিকেল সাড়ে ৫টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি তাদের পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে আরো এগিয়ে যেতে উৎসাহিত করেন।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যে গর্ব প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থী— হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন।
এ ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্য—নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ‘এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে’ তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাতেও সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানান।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে তিনি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
টিএ/