ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের সহ-মালিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:৫২ পিএম | ১৭ জুলাই, ২০২৬
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের সহ-মালিক মনজোত কালরাকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে।
জাফনা কিংসের হয়ে এবারের এলপিএলে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার ক্রীড়া তদন্ত ইউনিটের পরিদর্শক সুপুন বিদানাগে স্থানীয় গণমাধ্যমকে জানান, কলম্বোর একটি হোটেল থেকে মনজোত কালরাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি একজন ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের উদ্দেশ্যে ৯৫ লাখ শ্রীলঙ্কান রুপি (প্রায় ২৮ হাজার ৭০০ মার্কিন ডলার) দেওয়ার চেষ্টা করছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় ১০ দিন আগে ওই ক্রিকেটার প্রথমবার প্রস্তাব পাওয়ার পরই বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর তদন্তের ভিত্তিতেই অভিযান চালিয়ে কালরাকে আটক করা হয়।
বর্তমানে জাফনা কিংসের মালিকানা রয়েছে স্পোর্টস কমিউন নামের একটি ক্রীড়া প্রতিষ্ঠানের হাতে। ২০২৬ মৌসুম শুরুর আগে ভারতীয় উদ্যোক্তা মনজোত কালরা ও ময়াঙ্ক গোয়েল ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেন।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা সাবেক ক্রিকেটার মনজোত কালরা ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন। ক্রিকেট ছাড়ার পর তিনি ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হন।
এর আগে ২০২০ সালে জাফনা স্ট্যালিয়ন্স নামে এলপিএলে যাত্রা শুরু করে দলটি। পরে লাইকা গ্রুপের মালিকানায় নাম পরিবর্তন করে রাখা হয় জাফনা কিংস। তবে ২০২৫ সালে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে লাইকা গ্রুপের মালিকানা বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা ম্যাচের ফল প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টা ফৌজদারি অপরাধ। দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।
উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর শুক্রবার (১৭ জুলাই) কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধন হবে। পাঁচটি দল নিয়ে শুরু হওয়া তিন সপ্তাহের এই টুর্নামেন্ট চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।
এসএন