ভাইরাল ছবির আড়ালে সত্য: মেসি ইসরায়েল নয়, আগে গিয়েছিলেন ফিলিস্তিনে
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ১৯ জুলাই, ২০২৬
লিওনেল মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে জেরুজালেমের পশ্চিম প্রাচীরে (ওয়েস্টার্ন ওয়াল) দেখা যায়। সেই ছবি দেখিয়ে অনেকেই দাবি করেন, আর্জেন্টাইন মহাতারকা শুধু ইসরায়েল সফর করেছিলেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, ঘটনাটি সম্পূর্ণ নয়।
২০১৩ সালের আগস্টে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ‘পিস ট্যুর’-এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন মেসি ও তার সতীর্থরা। সফরের শুরুতেই তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের (ওয়েস্ট ব্যাংক) বেথলেহেমে যান। সেখানে ঐতিহাসিক চার্চ অব দ্য ন্যাটিভিটি পরিদর্শন করেন এবং পরে রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তৎকালীদন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন হেবরনের কাছে দুরা শহরে ফিলিস্তিনি শিশুদের নিয়ে একটি ফুটবল প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন বার্সেলোনার খেলোয়াড়রা।
ফিলিস্তিন সফর শেষে পরদিন বার্সেলোনা দল জেরুজালেমে যায়। সেখানে মেসি ও তার সতীর্থরা ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন এবং পরে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেস ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই সফরে তেল আবিবে ইসরায়েলি শিশুদের নিয়েও একটি ফুটবল ক্লিনিক পরিচালনা করা হয়।
বার্সেলোনার এই সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি ও ফিলিস্তিনি শিশুদের মধ্যে খেলাধুলার মাধ্যমে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়া। ক্লাবটি একে ‘Peace Tour’ নামে আয়োজন করেছিল। সফরে দুই পক্ষের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি উভয় অঞ্চলের শিশুদের নিয়ে পৃথক ফুটবল কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ইসরায়েল সফরের ছবি বা তথ্য ছড়িয়ে দিয়ে মেসির ওই সফরকে উপস্থাপন করলে তা অসম্পূর্ণ চিত্র তুলে ধরে। যাচাইযোগ্য তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ওই সফরে মেসি প্রথমে ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করেন, এরপর ইসরায়েলে যান।
এমআই/টিএ