ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা
ছবি: সংগৃহীত
১০:৫৪ পিএম | ২০ জুলাই, ২০২৬
বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবলে যখন উৎসবের আবহ, তখন ফাইনালে হারের আর্জেন্টাইন ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। যে কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা।
সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস তথ্যমতে, ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে। রেফারির রিপোর্ট ও ম্যাচের ভিডিওচিত্র বিশ্লেষণ করে আলবিসেলেস্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে একাধিক সংঘাত হয়, যা ফাইনাল ও টুর্নামেন্টের শেষটাকে কলঙ্কিত করেছে। বিশেষ করে লিয়েন্দ্রো পারেদেস একাধিক প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া নাহুয়েল মোলিনার রদ্রিকে ঘুষি মারার অভিযোগ এবং সহকারী কোচ রবার্তো আয়ালার দানি ওলমোর গলায় আঘাত ও ধাক্কা দেওয়ার অভিযোগ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।
এর পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়ের মুহূর্তে ট্রফি উত্তোলনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়েও আলোচনায় এসেছে। ফিফার দৃষ্টিতে এই আচরণ ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী ছিল কি না, সেটিও যাচাই করা হবে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এমআর/টিএ