বিশ্বকাপ শেষ হতেই পদত্যাগ বেলজিয়াম কোচের
ছবি: সংগৃহীত
০২:২৮ পিএম | ২১ জুলাই, ২০২৬
স্পেনের কাছে হেরে বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালে। তাতে সুতায় ঝুলছিল কোচ রুডি গার্সিয়ার চাকরি।
গার্সিয়া যেন সেটারই অপেক্ষায় ছিলেন। বিশ্বকাপ শেষ হলেই জানাবেন বেলজিয়ামের ডাগআউটে আর থাকছেন না। দ্য রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের (আরবিএফএ) সঙ্গে সমঝোতার পর চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তাতে বেলজিয়ামের সঙ্গে ১৮ মাসের যাত্রা থামল গার্সিয়ার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন ৬২ বছর বয়সী কোচ। অবশ্য ফরাসি কোচের মেয়াদও শেষ হতো ৩১ জুলাই। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দিলেন।

বিদায় বেলা বেলজিয়ামের ডাগআউটে কাটানো মুহূর্ত স্মরণ করলেন গার্সিয়া। তিনি বলেছেন, ‘আরবিএফএয়ের সঙ্গে আলোচনার পর, গত ১৮ মাস একসঙ্গে যে চমৎকার মুহূর্ত কাটিয়েছি তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বেলজিয়ামকে নেশনস লিগের ‘লিগ এ’-তে এবং বিশ্বের সেরা আটটি দলের একটি হিসেবে রেখে যাচ্ছি। বেলজিয়ামের নতুন প্রজন্মের সফলতা কামনা করছি। তার শুরু করতে পেরে আমি গর্বিত।
বেলজিয়ামের হয়ে ২০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন গার্সিয়া। তার অধীনে ১২ জয়ের বিপরীতে ২ হার দেখেছে বেলজিয়াম। বাকি ৬ টি ড্র হয়েছে। তার উত্তরসূরি হতে পারেন নেদারল্যান্ডসের সাবেক ডিফেন্ডার মার্ক ফন বোমেল।
এফআর/এসএন