ফাইনালের মারামারির পর এবার নতুন বিতর্কে পারেদেসের বোন
ছবি: সংগৃহীত
০৭:০২ পিএম | ২১ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বোন বারবারা পারেদেস বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি মন্তব্যের কারণে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর তিনি হতাশাকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, বিতর্ক ও নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এত দূর আসা এবং পথে ইংল্যান্ডকে হারানোই আমাদের কাছে অনেক বড় অর্জন।’ তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় তার পরের মন্তব্যে। তিনি বলেন, ‘আমাদের হয়তো চতুর্থ বিশ্বকাপ ট্রফি নেই, কিন্তু ফকল্যান্ড আমাদের।’
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে এই রাজনৈতিক মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বারবারার সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের চেহারার মিল নিয়েও অসংখ্য মিম তৈরি হয়। বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও তর্ক-বিতর্ক।
বোনের মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা দলের সঙ্গে দেশে ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস। তবে ক্লাব বোকা জুনিয়র্সে তার ফেরাটা সুখকর নাও হতে পারে। স্পেনের বিপক্ষে ফাইনালের শেষ দিকে এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন পারেদেস। ফলে বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানার প্রথম লেগে ও’হিগিন্স-এর বিপক্ষে তার খেলা অনিশ্চিত।
আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে পাঁজরের হাড়ে চিড় নিয়েই খেলেছিলেন পারেদেস। এ কারণে তার ক্লাবের হয়ে পরবর্তী ম্যাচগুলোতেও খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখছে ফিফা। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক শৃঙ্খলাবিষয়ক তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি রেফারির প্রতিবেদন এবং ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
অতিরিক্ত সময় শেষে স্পেন শিরোপা নিশ্চিত করার পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয় এবং পারেদেস লাল কার্ড দেখেন।
আরআই/ টিএ