বিশ্বকাপ জুড়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে: দে পল
ছবি: সংগৃহীত
০৯:১৪ পিএম | ২১ জুলাই, ২০২৬
ফাইনালে হারের হতাশা প্রকাশের পাশাপাশি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। ট্রফি দেশে ফেরাতে না পারাটা বেশ পোড়াচ্ছে রদ্রিগো দে পলকে। সেই হতাশা প্রকাশের পাশাপাশি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। বিশ্বকাপ জুড়ে তাদের ঘিরে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে বলে দাবি তার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে শিরোপা ধরে রাখতে না পারায় আক্ষেপের কথা লেখেন দে পল। একই সঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
“সবচেয়ে বড় কষ্ট হলো, বিশ্বকাপটা আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি, কারণ যদি কারো সেই অনুভূতি আবার পাওয়াটা প্রাপ্য হয়ে থাকে, তবে সেটা আপনারাই (সমর্থক)। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে, তারা আমাদের এটা উপলব্ধি করায় যে, এই দলের সঙ্গে তাদের যে বন্ধন, তা ট্রফির ঊর্ধ্বে এবং এই মুহূর্তটা পার করার জন্য আমি সেটিকেই আঁকড়ে ধরে থাকতে চাই।”
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা রেফারিংয়ে বাড়তি সুবিধা পেয়েছে, এমন অভিযোগ তোলেন অনেকে। আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগও করা হয় সামাজিক মাধ্যমে। সেসব সমালোচকদের তোপ দাগলেন দে পল।
“আজ আমি দেখছি, কত মানুষ (আর্জেন্টিনার) এই পরাজয়ের আশা করেছিল এবং বিশ্বকাপ জুড়ে ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছিল, যাতে আর্জেন্টাইনরা যা অনুভব করছিল, তা অন্যরা অনুভব করতে না পারার কষ্ট কমাতে পারে। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, কারণ আমাদের চলাফেরা তাদের অস্বস্তিতে ফেলে... কিন্তু এটা কেবল এই বিশ্বাসকেই আরও দৃঢ় করেছে যে, আমাদের জার্সির প্রতি আবেগ ও ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে।
এই কষ্টটা অনেকদিন থাকবে, কিন্ত একজন আর্জেন্টাইন হতে পেরে আগের যেকোনো সময়ের চেয়ে আজ আমি বেশি গর্বিত।”
টিকে/