সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে না যাওয়ার সিদ্ধান্ত এবাদতের
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ২৩ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলকে ব্যাকুলভাবে অপেক্ষা করতে হয়। সেই সুযোগটা অবশেষে আবার আসতে চলেছে। সব ঠিক থাকলে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-স্টিভেন স্মিথদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।
তবে দলে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত হলেও অস্ট্রেলিয়া সফরে যাবেন না ইবাদত হোসেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালে প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত। সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের এই দীর্ঘদেহী পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইংরেজি দৈনিক ডেইলি সানকে বলেছেন, ‘তাকে (ইবাদত) অস্ট্রেলিয়া সফরে পাওয়া যাবে না। তিনি ইতিমধ্যেই ছুটির আবেদন করেছেন।’
এ ছাড়া বাংলাদেশ দলের আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানার চোটের সর্বশেষ অবস্থা জানার অপেক্ষায় আছে বিসিবি। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় পেশিতে টান পড়লে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাহিদ। শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। গতকাল বুধবার (২২ জুলাই) নাহিদের স্ক্যান করানো হয়েছে। বিসিবির চিকিৎসা বিভাগ স্ক্যান রিপোর্ট আজই হাতে পাবে বলে আশা করা হচ্ছে।
বোর্ড কর্মকর্তা ডেইলি সানকে বলেছেন, ‘সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। আশা করছি সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে (নাহিদ) পাওয়া যাবে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের সিরিজ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
আরআই/এসএন