ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে তোলপাড়!
ছবি: সংগৃহীত
০১:৪৮ এএম | ২৪ জুলাই, ২০২৬
কাতারভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘বিইএন স্পোর্টস’-এর তথ্যমতে, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনার সমর্থকেরা অনলাইন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট ওআরজি’-তে একটি আবেদন শুরু করেছেন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আবেদনটিতে ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনে ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের বিভিন্ন ঘটনা পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আবেদনটি শুরু করেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। তার অভিযোগ, ফাইনালে দায়িত্ব পালন করা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। তাই তিনি ম্যাচের ঘটনাগুলো পুনরায় পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন। তবে আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘চেঞ্জ ডট ওআরজি’র মতো অনলাইন আবেদনের প্ল্যাটফর্মের কোনো আইনগত বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই। ফলে এমন কোনো আবেদনে বিপুলসংখ্যক স্বাক্ষর সংগ্রহ হলেও তা ফিফাকে কোনো ম্যাচ পুনরায় আয়োজন বা ফল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য করে না।
এতে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বিশ্বকাপ চলাকালেও একই ধরনের একটি অনলাইন আবেদন দেখা গিয়েছিল। স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের পর ফরাসি সমর্থকেরা ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি আবেদন চালু করেন, যেখানে ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছিল। তবে সেই আবেদনও টুর্নামেন্টের আনুষ্ঠানিক ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।
এদিকে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পরও আর্জেন্টিনার বিভিন্ন শহরে হাজারো সমর্থক জাতীয় দলকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমেছিলেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সের জন্য সমর্থকেরা তাদের সমর্থন অব্যাহত রেখেছেন।
এমআই/টিএ