মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া
ছবি: সংগৃহীত
০৬:০৮ এএম | ২৫ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও দলের লড়াইয়ে গর্বিত সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। রোজারিও সেন্ট্রালের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ শেষে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স, লিওনেল মেসির ভবিষ্যৎ এবং কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে খোলামেলা কথা বলেছেন। একই সঙ্গে মেসি ও স্কালোনি দুজনকেই জাতীয় দলের সঙ্গে থেকে যাওয়ার আহ্বান জানিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে দি মারিয়া বলেন, ‘লিওর আরও অনেক বছর খেলা উচিত, যতদিন সে নিজে চাইবে। ৩৯ বছর বয়সেও সে দেখিয়ে দিয়েছে যে ইতিহাসের অন্যতম সেরা, বরং সেরাই। তার কোনো সীমা নেই।’
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও নিজের আশা প্রকাশ করেন তিনি। ‘একজন আর্জেন্টাইন হিসেবে আমি চাই স্কালোনি থাকুক। এটা সবার জন্যই ভালো হবে। সে দারুণ এক নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করেছে। সিদ্ধান্ত অবশ্যই তার, কিন্তু জাতীয় দল ছেড়ে দেওয়া সবসময়ই কঠিন।’

ফাইনাল নিয়ে হতাশা থাকলেও দলের প্রশংসা করতে ভোলেননি তিনি। ‘কখনো ফাইনাল জেতা যায়, কখনো যায় না। এবার আমরা পারিনি। কিন্তু এই দল আর্জেন্টিনাকে গর্বিত করেছে। তারা শুধু করতালির নয়, তার চেয়েও বেশি সম্মানের দাবিদার।’
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে আবেগ নিয়ে খেলা দেখেছেন বলেও জানান দি মারিয়া। ‘প্রতিটি ম্যাচেই আমি ভীষণ কষ্ট পেয়েছি, আবার ওদের জন্য গর্বও অনুভব করেছি। সবাইকে ধন্যবাদ।’
একেএস/টিএ