© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘টক্সিক’ ছবির কঠিন পথচলায় স্ত্রীকে পাশে পেয়ে কৃতজ্ঞ ইয়াশ

শেয়ার করুন:
‘টক্সিক’ ছবির কঠিন পথচলায় স্ত্রীকে পাশে পেয়ে কৃতজ্ঞ ইয়াশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ১০ আগস্ট, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ইয়াশ তার বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-কে ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রজেক্ট হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি বেঙ্গালুরুতে ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা জানান, ছবিটিতে নানা লুকের জন্য তাকে প্রচুর শারীরিক পরিশ্রম ও দীর্ঘ সময় দিতে হয়েছে।

আর এই পুরো কঠিন সময়ে বড় শক্তি হিসেবে পাশে থাকার জন্য স্ত্রী রাধিকা পণ্ডিতকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ছবির চরিত্রের খাতিরে নিজের ‘কমফোর্ট জোন’ থেকে বের হয়ে কাজ করতে হয়েছে জানিয়ে যশ বলেন, ‘আমার স্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে যুক্ত থাকা বা এক ছাদের নিচে থাকা মোটেও সহজ বিষয় নয়। এই ছবিটির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ২-৩টি ভিন্ন লুক ছিল।

এই পুরো জার্নিতে রাধিকা আমার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল।’

‘টক্সিক’ ছবিতে সার্কাস শিল্পী নাদিয়ার ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবির ‘তাবাহি’ গানে যশের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয় তাকে। ট্রেলার লঞ্চে ট্রোলিং প্রসঙ্গে ইয়াশ বলেন, অনলাইনের নেতিবাচক মন্তব্য নিয়ে ভাবার বদলে কাজের প্রতি সৎ থাকা উচিত।

অভিনেতার ভাষায়, একজন অভিনেতা হিসেবে আপনাকে নানা সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে, তবে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি যাতে বিশ্বাস করেন, সেটাই করে যাওয়া উচিত—মানুষ একদিন না একদিন ঠিকই তার কদর করবে। হয়তো আমরা সময়ের চেয়ে একটু এগিয়ে কাজ করছি।

গীতু মোহনদাস পরিচালিত অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় চিত্রায়িত হয়েছে। তবে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম ভাষাতেও মুক্তি পাবে।

ইয়াশের পাশাপাশি ছবিতে আরো অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কোরেশী। ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন