নেইমারকে ‘অভিনয়’ শেখাতে চান অস্কারজয়ী ব্র্যাড পিট
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ১২ আগস্ট, ২০২৬
ফুটবল মাঠে ফাউলের শিকার হওয়ার পর অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখানোর জন্য নেইমারকে নিয়ে মজা করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তার দাবি, মাঠে 'সিমুলেশন' বা ফাউলের অভিনয় আরও বিশ্বাসযোগ্য করার জন্য নেইমারেরও প্রশিক্ষণ দরকার।
ব্রাজিলের লাইফস্টাইল ম্যাগাজিন এস্কোয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপের প্যারাগুয়ে ও জার্মানির শেষ বত্রিশের ম্যাচ দেখার অভিজ্ঞতা তুলে ধরেন ৬২ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেতা। ম্যাচে এক প্যারাগুয়ের খেলোয়াড়ের ট্যাকলের পর নাটকীয়ভাবে পড়ে যাওয়ার দৃশ্য দেখে ফুটবলারদের অভিনয় নিয়ে রসিকতা করেন তিনি।
পিট বলেন, 'আমি সিমুলেশন (ফাউলের শিকার হওয়ার অভিনয়) শেখানোর একটা কোর্স শুরু করতে যাচ্ছি। কারণ এই খেলোয়াড়গুলোর (অভিনয়ের) অবস্থা খুবই শোচনীয়।'
এরপর নেইমারকে প্রসঙ্গে টেনে তিনি বলেন, 'আর আমি নেইমারকে দিয়েই (আমার কোর্স) শুরু করতে যাচ্ছি। কারণ মাঠে সে যতই ব্যালে নৃত্যশিল্পীর মতো ছন্দময় হোক না কেন, তার সহায়তার প্রয়োজন আছে। আমি তাকে শিখিয়ে দেব কীভাবে একটা দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, কীভাবে বিষয়টি সূক্ষ্মভাবে করতে হয় এবং অতিরিক্ত নাটকীয়তা না করে সত্যি হিসেবে ফুটিয়ে তুলতে হয়। আমার কাছে এটা নিয়ে পুরো একটি পাঠ্যসূচি প্রস্তুত আছে।'
চোট ও বয়সের কারণে নেইমারের ক্যারিয়ারও এখন অনিশ্চয়তায়। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। বর্তমানে সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ নেইমারের সেই চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।
এমআই/টিএ