সীতাকুণ্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত ৯ শ্রমিকের মরদেহ হস্তান্তর
ছবি: সংগৃহীত
১২:১৮ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত ৯ শ্রমিকের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একে একে মরদেহগুলো বুঝে নেন স্বজনেরা।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। শিপইয়ার্ড কর্তৃপক্ষের কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
এ ছাড়া নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে মালিকপক্ষের মাধ্যমে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
এমআর/টিএ