© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
ঢাকার ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণকে কেন্দ্র করে তিন জনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এ মারধরের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। 

রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে একদল ব্যক্তি তাদেরকে মারধর করেন। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন।

জানা যায়, ‍দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে প্রবেশ সড়কের মুখে একজন রিকশা চালক তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে আয়াস ওই রিকশা চালকের কাছে যান এবং তার ফোন চেক করেন। পরে ভিডিওটি যুবলীগের একজনকে পাঠিয়েছেন এমন অভিযোগ তুলে মব সৃষ্টি করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা ওই রিকশা চালককে মারধর করেন। পরে পুলিশ এসে ওই রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিলি করছেন—এমন অভিযোগ এনে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। এ সময় ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ দেখা গেছে। ভেতরে শিঙাড়া ছিল। মারধরের এক পর্যায়ে ওই ব্যক্তিও দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ (কার্যক্রম) সংগঠন আওয়ামী লীগ, যুবলীগের নেতা–কর্মীরা যাতে কোনো অপতৎপরতা করতে না পারে, সে জন্য তারা অবস্থান করছেন। কাউকে পেলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন।

মব সৃষ্টি করে কাউকে মারধর করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না। আওয়ামী লীগ, যুবলীগ পেলে ধরে শুধু পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে আয়াস সেখান থেকে চলে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি ফুল দিতে এসেছিলেন বলে জানা গেছে। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএন/টিএ





মন্তব্য করুন