নেত্রকোণায় পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত
০৮:৩৫ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
নেত্রকোণার মদনে পূর্বশত্রুতা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ পরে এলাকাবাসী ও পুলিশ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজ্জাকসহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজানের ঈদে ভাগ-বাটোয়ারায় গরু কেনাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এরই জেরে রোববার ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, পূর্বশত্রুতা, প্রভাব বিস্তার এবং চলমান মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
কেএন/টিএ