© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন

শেয়ার করুন:
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার ভোরে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ঢাকাগামী লেনে যাওয়ার সময় সামনে থাকা একটি গাড়িতে বাসটি ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে যান। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগতে দেখে তারা দৌড়ে ঘটনাস্থলে যান। বাসের সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি বলেন, এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এসআই মো. ফারুক ইসলাম আরও বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএন 

মন্তব্য করুন