© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭২ বছর বয়সে মৃত্যু, তিন বছর পর ছাত্রদলের কমিটিতে পদ!

শেয়ার করুন:
৭২ বছর বয়সে মৃত্যু, তিন বছর পর ছাত্রদলের কমিটিতে পদ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
ফেনীর ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই কমিটির প্রথম সদস্য হিসেবে থাকা একজনের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ নিয়ে কমিটি গঠন, যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

গত ১৭ আগস্ট ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সই করা বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা ছাত্রদলের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে পাঁচ নম্বর সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে শামসুল হুদা মজুমদারের নাম।

তবে তার পরিবারের দাবি, শামসুল হুদা মজুমদার ২০২৩ সালের ৬ নভেম্বর প্রায় ৭২ বছর বয়সে মারা যান। সেই হিসাবে মৃত্যুর প্রায় তিন বছর পর ২০২৬ সালের ১৭ আগস্ট ঘোষিত উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল হুদা মজুমদার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবারপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে ফরহাদ হোসেন মজুমদার দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

মৃত বাবার নাম কমিটিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন ফরহাদ হোসেন মজুমদার। তিনি বলেন, ‘কমিটিতে আমার মৃত বাবার নাম দেখে আমি আশ্চর্য হয়েছি। উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ কমিটি কীভাবে যাচাই-বাছাই ছাড়া তাড়াহুড়া করে ঘোষণা দেয়া হলো, সেটি ঠিক আমার জানা নেই। হুট করে কমিটি দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।’

এদিকে ঘোষিত কমিটির প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে নাঈম উদ্দিন অপিকে। স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, গত ৫ আগস্টের আগের সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি, সভা ও মিছিলে তাকে দেখা গেছে বলেও দাবি সূত্রটির। ফলে তার বর্তমান সাংগঠনিক পরিচয় এবং অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে কমিটি ঘোষণার আগে সবার সিভি নেয়া হয়েছিল বলে জানিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাহ উদ্দিন মামুন। মুঠোফোনে তিনি বলেন, ‘কমিটি ঘোষণার আগে সবার সিভি নেয়া হয়েছিল। সিভি যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করা হয়েছে। বয়স্ক ব্যক্তির নাম কীভাবে কমিটিতে এলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

একটি ছাত্রসংগঠনের কমিটিতে সাধারণত অপেক্ষাকৃত তরুণ ও সক্রিয় নেতাকর্মীদের সাংগঠনিক সম্পৃক্ততা প্রত্যাশিত। এর মধ্যে ফুলগাজী উপজেলা ছাত্রদলের কমিটিতে মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অপেক্ষাকৃত বেশি বয়সী ব্যক্তিদের স্থান পাওয়া এবং কয়েকজনের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ওঠায় কমিটি গঠন ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং সংগঠনের নীতিমালা অনুযায়ী যথাযথ যাচাইয়ের মাধ্যমে বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএন 

মন্তব্য করুন