© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের পুরোনো পথে হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ

শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের পুরোনো পথে হাঁটছে:  শফিকুল ইসলাম মাসুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২১ আগস্ট, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২১ আগস্ট) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন-পরবর্তী গত ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ ১৭ বছরে যে দলীয়করণ করেছে, বিএনপি ছয় মাসে তার চেয়ে কম করেনি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় এলেও ক্ষমতা গ্রহণের পর ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানসহ মসজিদ-মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠানেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে, যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই এর সমাধান হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করণ ও নৈরাজ্য চলছে। এসব পরিস্থিতি দেখে দেশে কোনো সরকার আছে কি না, তা বোঝার উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের পক্ষ থেকে ৬৩ শতাংশ জনগণ সরকারের কাজে সন্তুষ্ট—এমন প্রচারণার প্রসঙ্গ তুলে তিনি কোন কাজের ওপর দেশের ৬৩ শতাংশ মানুষ সরকারের প্রতি সন্তুষ্ট, তা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার।

সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরী মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল বারী, মুগদা পশ্চিম থানা আমির মতিউর রহমান, মুগদা উত্তর থানা আমির অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সবুজবাগ পূর্ব থানা আমির মো. রওশন জামান, মুগদা পূর্ব থানা আমির মাওলানা ইসহাক এবং মুগদা দক্ষিণ থানা আমির মো. ইয়াকুব আলী। এছাড়া জোনের বিভিন্ন থানার সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন