© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়ারল্যান্ডে ৪৪০ একরের ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসল কিনলেন মার্ক জাকারবার্গ

শেয়ার করুন:
আয়ারল্যান্ডে ৪৪০ একরের ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসল কিনলেন মার্ক জাকারবার্গ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড কাউন্টিতে অবস্থিত ৪৪০ একর (১৭৮ হেক্টর) আয়তনের ঐতিহাসিক গথিক শৈলীর স্ট্রানক্যালি ক্যাসল এস্টেটটি কিনে নিয়েছেন। আয়ারল্যান্ড সফরের সময় পরিবার নিয়ে অবস্থানের জন্য তারা এই বিশাল সম্পত্তিটি কিনেছেন।

বৃহস্পতিবার মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই বাড়িটির দেখাশোনা চালিয়ে যেতে পেরে মার্ক ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। মেটার আন্তর্জাতিক সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত হওয়ায় তারা সেখানে নিয়মিত সময় কাটানোর বিষয়ে আশাবাদী। অফ-মার্কেট চুক্তিতে এই বিক্রির সঠিক মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী এর আনুমানিক মূল্য ২০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ইউরোর মধ্যে। এই অঙ্কটি জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ সুপারইয়াটের মোট মূল্যের প্রায় ১০ শতাংশ।


১৮৩০ সালে কনজারভেটিভ পার্টির সাবেক এমপি জন কেইলির জন্য এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইন অত্যন্ত জমকালো পরিসরে এটি ডিজাইন করেন। 'দ্য হাউসেস অব আয়ারল্যান্ড বইয়ের তথ্য অনুসারে, এই প্রাসাদের ডাইনিং রুম থেকে রান্নাঘরে যেতেই চার মিনিট তিরিশ সেকেন্ড সময় হাঁটতে হয়।


লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান র‍্যাব ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি এবং তার স্ত্রী জিয়ানকালা ২০০০-এর দশকের শুরুতে এস্টেটটি কিনে সংস্কার করেছিলেন। ২৫ বছর ধরে বসবাস শেষে তারা জানান, ঐতিহাসিক এই দুর্গটি সংরক্ষণ ও সংস্কারের সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞ। জাকারবার্গ পরিবার তাদের এই ধারা অব্যাহত রেখে বাড়ি ও আশপাশের পরিবেশকে আরও উন্নত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসের ওয়েবসাইট অনুযায়ী, বেলেপাথর ও চুনাপাথরে নির্মিত এই ভবনটি নিপুণ কারুশিল্প ও রাজমিস্ত্রির উচ্চমানের কাজের দারুণ নিদর্শন। ব্ল‍্যাকওয়াটার উপত্যকার এই অঞ্চলে আরও বেশ কিছু ঐতিহাসিক সম্পদ রয়েছে। এর আগে ২০২৪ সালে উদ্যোক্তা জেমস ডাইসন পাশের ব্যালিনাট্রে হাউস কিনেছিলেন এবং ২০২১ সালে স্ট্রাইপের সহ-প্রতিষ্ঠাতা জন কলিসন কাউন্টি লাওসের অ্যাবে লেইক্স এস্টেটটি ক্রয় করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন