© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেসিং দুর্ঘটনার পর কেমন আছেন অজিত কুমার?

শেয়ার করুন:
রেসিং দুর্ঘটনার পর কেমন আছেন অজিত কুমার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অজিত কুমার শুধু অভিনয় জগতেই নয়, রেসিং জগতেও রয়েছে তার বিচরণ। রেসিংয়ের প্রতি অভিনেতার ভালোবাসার কথা তার ভক্ত-অনুরাগীদের অজানা নয়। এ অভিনেতা নিয়মিতই রেসিং ড্রাইভে অংশ মকেন। সেই ভালোবাসা থেকেই শুরু হয় তার পেশাদার মোটর রেসিং। একাধিক আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় যোগ দিয়েছেন তিনি। তবে ইউরোপে সম্প্রতি একটি ‘হাই স্পিড এনডিওরেন্স ইভেন্ট’ প্রতিযোগিতায় রেস করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। তবে এ অভিনেতা অক্ষত রয়েছেন এবং গুরুতর কোনো চোট পাননি।

ঘটনাটি ঘটেছে ‘এনডিওরেন্স চ্যাম্পিয়নশিপ’-এ। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতা চলাকালীন অজিতের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। তবে দুর্ঘটনার পরও অভিনেতা নিরাপদেই রয়েছেন। যদিও রেসিং ট্র্যাকে অজিতের এটাই প্রথম দুর্ঘটনা নয়। 

এর আগে ২০২৫ সালে ইতালিতে ‘জিটি৪ ইউরোপিয়ান সিরিজ’-এ তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই সময়েও কোনো চোট ছাড়াই বেরিয়ে আসেন তিনি। সে বছরই স্পেনের একটি প্রতিযোগিতায় তার গাড়ি দুবার উল্টে যায়। সেই দুর্ঘটনা থেকেও অক্ষত অবস্থায় ফিরেছিলেন এ অভিনেতা। এর আগে দুবাইয়ে রেসিংয়ের অনুশীলনের সময়ও দুর্ঘটনার কবলে পড়েছিল অজিতের গাড়ি। সেখান থেকেও নিরাপদে বেরিয়ে আসেন তিনি।



আন্তর্জাতিক সার্কিটে রেস করা এবং ফর্মুলা চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়া হাতেগোনা কয়েকজন ভারতীয়র মধ্যে অভিনেতা অজিত কুমার অন্যতম। গত বছর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্ঘটনার পর তার মানসিক অবস্থার কথা জানিয়েছিলেন এ অভিনেতা। সেখানে তিনি বলেন, দুর্ঘটনার পর প্রথমেই তিনি বোঝার চেষ্টা করেন, তিনি নিজে কতটা জখম হয়েছেন। এরপর গাড়ির কী অবস্থা এবং সেটি ফের চালু করে রেসে ফিরতে পারবেন কিনা, তা দেখেন।

অজিত বলেন, তিনি এবং গাড়ি দুজনেই ঠিক আছেন নিশ্চিত হওয়ার পর উত্তেজনা তীব্রতর হলো। তখন তার একমাত্র চিন্তা থাকে যেন রেসটি মাঝপথে শেষ করতে না হয়, যাকে পোশাকি ভাষায় বলে ‘ডিএনএফ’ (ডিড নট ফিনিশ)। তার লক্ষ্য থাকে— আজকের রেস আমাকে শেষ করতেই হবে।

তবে রেসিংয়ে ঝুঁকিও থাকে। ফলে পরিবারের জন্য চিন্তা হয় বলেও জানিয়েছিলেন অভিনেতা। তিনি বলেন, পরিবারের মানুষকে এতটা মানসিক চাপের মধ্যে ফেলা ঠিক নয়। তিনি স্বীকার করেছিলেন, তার বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে অন্য রেসাররাও দুর্ঘটনার মুখে পড়েন। শুধু তিনি অভিনেতা বলেই তার দুর্ঘটনার খবর বেশি শিরোনামে আসে বলে জানান অজিত কুমার।

রেসিং ছেড়ে দেওয়া প্রসঙ্গে অজিত কুমার বলেন, এখন পর্যন্ত তার চোট এতটা গুরুতর হয়নি যে কোনো অনুশীলন বা রেসে অনুপস্থিত থাকতে হয়েছে। অন্যদিকে চলচ্চিত্রজগতে কাজ করতে গিয়ে তার ২৯ বার অস্ত্রোপচার হয়েছে বলেও জানান। 

উল্লেখ্য, অভিনেতা অজত কুমারকে শেষ দেখা গেছে ‘বিদামুয়ার্চি’ ও ‘গুড ব্যাড আগলি’ সিনেমায়। তার পরবর্তী সিনেমা ‘ডেয়ারডেভিল’, যার পরিচালক অধিক রবিচন্দ্রন।

মন্তব্য করুন