© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর শাহবাগ থেকে সংসদ অভিমুখে ১১ দলের পথযাত্রা কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ থেকে সংসদ অভিমুখে ১১ দলের পথযাত্রা কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ এএম | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আগামী রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য জোট। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যর জরুরি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আগামী ৩০ আগস্ট (রোববার) শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে ১১ দল। এ সময় গুম ও মানবাধিকার নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) যে বিল উত্থাপন করা হবে, তা ২০০৯ সালের মানবাধিকার আইনের তুলনায় দুর্বল বলে উল্লেখ করে গুমের ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার সমালোচনাও করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশনে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে। এতে মানবাধিকার রক্ষার পরিবর্তে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আইন মানুষের অধিকার সুরক্ষার বদলে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়াকে আরও দুর্বল করবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

একেএস/টিএ

মন্তব্য করুন