© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাসা, সিনেটসহ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে চীনা হ্যাকারদের সাইবার হামলা

শেয়ার করুন:
নাসা, সিনেটসহ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে চীনা হ্যাকারদের সাইবার হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ এএম | ২৭ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে), নাসা, ফেডারেল রিজার্ভ এবং সিনেটসহ বেশ কয়েকটি সংবেদনশীল সরকারি ও বেসরকারি নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। তবে যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে যে, তারা চীনের এই বৃহৎ হ্যাকিং অভিযানটি সফলভাবে ব্যর্থ করে দিয়েছে এবং এর সঙ্গে জড়িত সাইবার প্ল্যাটফর্মগুলোর ডোমেইন জব্দ করেছে।

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত হলফনামা অনুযায়ী, হ্যাকারদের প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল মার্কিন জ্বালানি বিভাগ, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস), ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (এনআইএইচ) এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্তত চারটি নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানি। বিচার বিভাগ জানিয়েছে, এই সাইবার হামলার জন্য কিউস্ক্যান এবং কিউটিরাউটার নামক দুটি হ্যাকিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল। প্ল্যাটফর্মগুলো পরিচালনা করত চীনের নানজিং শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি। চাঞ্চল্যকর বিষয় হলো, এই প্রতিষ্ঠানটির গ্রাহকদের তালিকায় চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী তথা পিপলস লিবারেশন আর্মি অন্তর্ভুক্ত রয়েছে।

এফবিআই, এনএসএ এবং ইউএস সাইবার কমান্ডের যৌথ সাইবার নিরাপত্তা পরামর্শ ও হলফনামা অনুযায়ী, অন্তত ২০১৮ সাল থেকে এই হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংবেদনশীল নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা চালিয়ে আসছে। এর মধ্যে ২০১৯ সালের আগস্টে একটি ভিপিএন দুর্বলতা কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের ব্যর্থ চেষ্টা করে তারা। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা ঠিকাদার, আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে সফলভাবে তথ্য চুরি করে। একই বছরের সেপ্টেম্বরে মার্কিন জ্বালানি বিভাগের তিনটি গবেষণাগার, এনআইএইচ, এইচএইচএস-এর একটি সংস্থা এবং একটি মার্কিন নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে সফল অনুপ্রবেশ ঘটায় তারা। সর্বশেষ ২০২৬ সালের মার্চ মাসে মার্কিন সিনেট এবং একটি মার্কিন হাসপাতালের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়।

এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, চীন সরকার আইন অনুযায়ী যেকোনো সাইবার হামলার তীব্র বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, সাইবার নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র মূলত চীনকে কলঙ্কিত করতে এবং চীনা কোম্পানিগুলোর ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করতে চাইছে, যা চীন দৃঢ়ভাবে প্রতিহত করবে। অন্যদিকে, সাইবার কার্যকলাপ পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা এই ধরনের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করেছেন। সাইবার নিরাপত্তা কোম্পানি সেন্টিনেলওয়ান-এর চীন বিষয়ক বিশ্লেষক ডাকোটা ক্যারি জানান, গত এক দশকে চীনের বিভিন্ন সরকারি সংস্থার হয়ে কাজ করা বেসরকারি বিশেষায়িত হ্যাকিং পরিষেবা প্রদানকারী কোম্পানির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স

আরআই/টিএ

মন্তব্য করুন