© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

শেয়ার করুন:
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১০ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
টানা লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলীর (জেইউ) সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা হাত দিয়ে শপথ করে জানানোর দাবি তোলেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তাকে ঘিরে ধরে জেরা করছেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎ মজুত থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফিডারে সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। প্রায় ছয় মাস ধরে তাঁরা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন বলে দাবি করেন।

এদিকে এই ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা প্রদান, নথিপত্র বিনষ্ট এবং বিদ্যুৎ কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) মনোজ পাঠক জানান, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জেরা করার একটি ভিডিও তাঁদের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক বাবন সিং। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অপেক্ষমাণ ৫ এমভিএ ট্রান্সফরমারটি দ্রুত চালুর কড়া নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএন/এসএন


মন্তব্য করুন