আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল
ছবি: সংগৃহীত
০৯:০৫ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত সেমিনারটি বাতিল করে আয়োজকরা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এফসিসি জানায়, দিল্লি পুলিশ শেষ মুহূর্তে অনুষ্ঠানটির অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর কারণেই বাতিল করতে হয়েছে সেমিনারটি। এই আয়োজনের বিষয়বস্তু ও কারা এতে বক্তব্য দিতেন তা উল্লেখ করে এফসিসি আগেই তাদের এক্স একাউন্টে একটি পোস্ট করেছিল।
সেমিনারে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ আরও বেশ কয়েকজন বক্তা হিসেবে ছিলেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ বলেন, ‘তারা শুধু আমাদের বলেছে এই অনুষ্ঠান করার অনুমতি নেই। তবে ঠিক কী কারণে অনুমতি নেই বা কী কারণে তারা এই আয়োজন বন্ধ করেছে তা জানাতে চায়নি কর্তৃপক্ষ।’
এ নিয়ে দিল্লি পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। ওই কর্মকর্তা জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে পুলিশ যেকোনো সময়ে যেকোনো অনুষ্ঠান বাতিল করার অধিকার রাখে।
এর আগে চলতি মাসের পাঁচ তারিখে দিল্লিতে আরও একটি সেমিনারের আয়োজন করেছিল এফসিসি। বাংলাদেশে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যও দিয়েছিলেন। তার ওই বক্তব্যের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ঢাকা। এ নিয়ে দুই দেশের মধ্যে সে সময় টানাপোড়েন হয়। বিবিসির এক সংবাদদাতার মতে, গত পাঁচ আগস্টের সেই অভিজ্ঞতা পর হয়তো দিল্লি আওয়ামী লীগ নেতাদের কোন প্রকাশ্যে অনুষ্ঠান করতে দিতে চাইছে না বলেই মনে করা হচ্ছে।
দিল্লিতে বাতিল হওয়া সেমিনারটির বিষয় ছিল ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’। এফসিসির ঘোষণা অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে।
টিএ/