নিউইয়র্কের স্কুলগুলোতে এক বছরের জন্য ৪০টি এআই নিষিদ্ধ করলেন মামদানি
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শ্রেণিকক্ষে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই স্কুল ডিস্ট্রিক্ট এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের দেখাদেখি লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য ডিস্ট্রিক্টগুলোও নিজেদের এআই নীতিমালা নতুন করে পর্যালোচনা করছে।
গত বুধবার (০২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী জানান, বর্তমানে স্কুলগুলোতে ব্যবহৃত প্রায় ৪০টি এআই টুলের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তিনি মনে করেন, শিশুদের সঠিক বিকাশের জন্য শিক্ষক ও মানুষের সরাসরি সংস্পর্শ বেশি জরুরি। প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে শিশুদের উচিত সহপাঠীদের সঙ্গে মিশে নিজেদের দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়া এবং নিজেদের চেষ্টাতেই সমস্যার সমাধান করতে শেখা।
নতুন এই নিয়মের কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ছয় লাখ শিক্ষার্থী এআই ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা বিশেষ শর্তে এটি ব্যবহারের সুযোগ পাবে। অন্যদিকে, শিক্ষকরা চাইলে ক্লাস সাজানো বা সময়সূচি তৈরির মতো দাপ্তরিক কাজে আগের মতোই এআই ব্যবহার করতে পারবেন। এই নিষেধাজ্ঞার বিষয়ে গুপ্স, মাইক্রোসফট বা অ্যানথ্রপিকের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২২ সালে চ্যাটজিপিটি আসার পরপরই নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে নিজস্ব একটি এআই-চালিত 'টিচিং অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষণ-সহকারী টুল চালু করা হয় বলে চ্যাটজিপিটির অন্যতম অংশীদার মাইক্রোসফট জানিয়েছিল।
সূত্র: রয়টার্স
আরআই/টিএ