© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ গোল খেয়ে ৩টি দিয়ে নাপোলিকে হারাল ইন্টার

শেয়ার করুন:
২ গোল খেয়ে ৩টি দিয়ে নাপোলিকে হারাল ইন্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছিল তখন। ইন্টার মিলানের কর্নারে তাদের খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে এলো ডি-বক্সের বাইরে। নিকোলো বারেল্লার পা ঘুরে কার্টিস জোন্স ক্রস বাড়ালেন বক্সে, কিন্তু লাফিয়ে হেড করতে পারলেন না মার্কাস থুরাম, নাপোলিও পারল না বল ক্লিয়ার করতে। মানুয়েল আকঞ্জির পায়ের টোকায় বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে জালে জড়িয়ে দিলেন লাউতারো মার্তিনেস। উল্লাসে ফেটে পড়ল গোটা সান সিরো।

সেরি আয় শনিবার ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ইন্টার। গতবারের রানার্স-আপদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শিরোপাধারীরা জিতেছে ৩-২ ব্যবধানে। জোড়া গোল করে তাদের নায়ক আর্জেন্টাইন তারকা মার্তিনেস।

সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হয়লুন।

৫৬তম মিনিটে একটি গোল শোধ করেন মার্তিনেস। তারপরও ইন্টারকে চোখ রাঙাচ্ছিল পরাজয়। ৮২তম মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান থুরাম।

সেখান থেকে ড্রয়ের দিকেই যাচ্ছিল ম্যাচ, কিন্তু ৯১তম মিনিটে মার্তিনেসের গোলে পাল্টে গেল সব হিসাব।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইন্টার। তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।

এফআর/টিএ

মন্তব্য করুন