© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় বাংলাদেশ

শেয়ার করুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রত্যাশিত জয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় টাইগ্রেসরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায় লঙ্কানদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

এবার এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে সেমিফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বী ভারতকে এড়াতে চায় বাংলাদেশ। আর তাই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। যার জন্য শ্রীলঙ্কাকে হারানোই মূল সমীকরণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সামনে।



বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় সেই কথাই বললেন বাংলাদেশ দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুব বড় একটা সুবিধা হবে যদি কালকে (আজ) শ্রীলংকার সঙ্গে আমরা জিততে পারি। তাহলে আমরা সেমিফাইনালের দিকে অনেক ভালোভাবেই এগিয়ে যাব ও আমাদের লক্ষ্যটার অনেক কাছে চলে যাব।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রানের পুঁজি নিয়েও ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেদিন ব্যাটিং খুব একটা ভালো না হলেও, বোলারদের নৈপুণ্যে অনায়াসে জয় পেয়েছিল তারা। একইসঙ্গে উইকেট ও কন্ডিশনের অভিজ্ঞতা নিতে পারাও ইতিবাচকভাবে দেখছেন জয়িতা।

এই ব্যাটার আরও বলেন, ‘প্রথম ম্যাচের মাধ্যমে আমরা মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জেতার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যাক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিংয়ে বড় রান সংগ্রহ করা।’

এমআর/টিএ  



মন্তব্য করুন