© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সাইয়ারা’র পর ভিন্ন রূপে ‘হুংকার’ নিয়ে আসছে অনীত পাড্ডা

শেয়ার করুন:
‘সাইয়ারা’র পর ভিন্ন রূপে ‘হুংকার’ নিয়ে আসছে অনীত পাড্ডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
‘সাইয়ারা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি দর্শকদের নজর কেড়েছেন অনীত পাড্ডা। এবার প্রেমের গল্পের বাইরে গিয়ে আরও চ্যালেঞ্জিং চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

প্রকাশ পেয়েছে তাঁর অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হুংকার: দ্য রোর’-এর অফিশিয়াল ট্রেলার। সিরিজটিতে নারীর ন্যায়বিচারের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।

‘হুংকার: দ্য রোর’-এ মীনু রাওয়াত চরিত্রে অভিনয় করেছেন অনীত। গল্পে এক আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মীনু।

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সত্য প্রকাশ্যে আনার পরই শুরু হয় তাঁর কঠিন লড়াই। ন্যায়বিচার পাওয়ার পথে তাঁকে শুধু আইনি জটিলতাই নয়, সামাজিক চাপ ও নানা প্রশ্নেরও মুখোমুখি হতে হয়।

ট্রেলারে দেখা যায়, আধ্যাত্মিক গুরু ‘বাপজি’র বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যান মীনু। কিন্তু নিজের কথা প্রকাশ্যে আনার পর পরিস্থিতি তাঁর পক্ষে যায় না।

বরং অভিযোগের পর থেকেই নানা প্রশ্ন, সমালোচনা ও সন্দেহের মুখে পড়তে হয় তাঁকে।

মীনুর বন্ধু, পরিবারের সদস্য এমনকি তাঁর বাবাও তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তিনি আদৌ ওই ঘটনার শিকার কি না, তা নিয়েও শুরু হয় নানা বিচার-বিশ্লেষণ। তবে এসব চাপের কাছে নতি স্বীকার করেন না মীনু। নিজের অবস্থানে অটল থেকে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যান তিনি।

তবে মীনুর লড়াই শুধু আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একদিকে বাপজির প্রভাবশালী বন্ধু ও অনুসারীদের চাপ, অন্যদিকে সমাজের প্রচলিত ধারণা—দুই দিক থেকেই তাঁকে মোকাবিলা করতে হয় প্রতিকূলতার। নিজের সত্য প্রতিষ্ঠার এই লড়াইয়ে ক্রমেই বাড়তে থাকে বিপদ।

সিরিজটিতে আধ্যাত্মিক গুরু ‘বাপজি’র চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। মীনুর পাশে থাকা একমাত্র বিশ্বাসযোগ্য আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোহাম্মদ জিশান আইয়ুবকে। বাপজির আইনজীবীর ভূমিকায় রয়েছেন রাম কাপুর। আর টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন মাথুর।



মীনুর অভিযোগের তদন্তেও রয়েছে গুরুত্বপূর্ণ এক চরিত্র। এসিপি জসলিন সিং সোনির ভূমিকায় অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। মীনুর করা অভিযোগের তদন্তের নেতৃত্ব দেবেন তাঁর চরিত্রটি।

‘সাইয়ারা’র সাফল্যের পর অনীত পাড্ডার নতুন কাজ ঘিরে দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে। এবার সম্পূর্ণ ভিন্ন আবহে, এক নারীর সত্য প্রকাশের পর তাঁর ওপর তৈরি হওয়া সামাজিক চাপ এবং ন্যায়বিচারের জন্য তাঁর দীর্ঘ লড়াইয়ের গল্প বলবে ‘হুংকার: দ্য রোর’।

আগামী ২৫ সেপ্টেম্বর জিও হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব সিরিজটির।

এসএন 

মন্তব্য করুন