© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

শেয়ার করুন:
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একটি আইন নিয়ে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। আমরা এই আইনে সংশোধনী এনেছি। বিশেষ করে বৃদ্ধ ও মায়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ সংশোধনী আনা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই হলরুমে আয়োজিত চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এ চাকরি মেলার আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্রঋণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ রয়েছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজিত চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য ২২ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১১৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে চাকরি পাওয়া ব্যক্তিরা নিয়োগপত্র গ্রহণ করেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন