© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’

শেয়ার করুন:
নাটোরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
নাটোরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনের যেকোনো সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল নেতাকর্মী মহাসড়কের ওপর দিয়ে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা, ভয় নাই রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। সামনের মোটরসাইকেলের পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে স্লোগান ধরিয়ে দিচ্ছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত। তার পাশের মোটরসাইকেলে এক যুবক শেখ হাসিনার ছবি হাতে ধরে আছেন। ছাত্রলীগ নেতা শান্তর পরিচয় ও পদবি নিশ্চিত করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রার কোনও তথ্য আমার কাছে নেই। খবর পাইনি আমরা। তবে মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

একেএস/টিএ

মন্তব্য করুন