© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, হাসপাতালে দুই পুলিশ

শেয়ার করুন:
সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, হাসপাতালে দুই পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে পৃথক দুটি চেকপোস্টে পুলিশের থামার সংকেত অমান্য করে দুই পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন দুই চালক। এতে এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় নগরের বিহাস মোড় ও কাটাখালী বাজারে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

আহতরা হলেন–মতিহার থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া আহমেদ ও কাটাখালী থানার কনস্টেবল রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কাটাখালী বাজারে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল রবিউল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন তিনি। তবে চালক সংকেত অমান্য করে রবিউলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তিনি আহত হন।

এর আগে একই দিন বিকেলে নগরের বিহাস মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একই ধরনের ঘটনার শিকার হন এসআই কিবরিয়া আহমেদ। পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাথার বাঁ পাশে গুরুতর আঘাত পান তিনি।

পরে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা আহত কিবরিয়া ও রবিউলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ও মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, দুটি ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করেছে। অভিযুক্ত দুই মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এমআই/টিএ

মন্তব্য করুন