গান গেয়ে ট্রেন মাতানো সেই ছেলেটি আজ বলিউডের তারকা
ছবি: সংগৃহীত
০২:৩৩ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
হিন্দি সিনেমার জগতে নিজের অভিনয় ও গানের প্রতিভা দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন আয়ুষ্মান খুরানা। এক যুগেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও পেয়েছেন সমান জনপ্রিয়তা। তবে আজকের এই অবস্থানে পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না তার।
আজ ১৪ সেপ্টেম্বর, ৪২ বছরে পা দিয়েছেন আয়ুষ্মান খুরানা। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মজার বিষয় হলো, সেই সিনেমার জনপ্রিয় গান ‘পানি দা’ও গেয়েছিলেন তিনি। অভিনয় ও গানের জন্য একই সিনেমা থেকে শ্রেষ্ঠ নবাগত অভিনেতা এবং শ্রেষ্ঠ গায়কের পুরস্কারও পেয়েছিলেন আয়ুষ্মান।

অভিষেকের পর ধীরে ধীরে নিজের অভিনয়ের পরিসর বাড়াতে থাকেন তিনি। ‘দম লাগা কে হইশা’, ‘বরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বধাই হো’, ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’, ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। বিশেষ করে ‘অন্ধাধুন’ সিনেমায় অন্ধ পিয়ানোবাদকের চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দেয়। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানও পান তিনি।
শুধু অভিনয় নয়, সংগীতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আয়ুষ্মান। ‘পানি দা’র পাশাপাশি ‘মেরে লিয়ে তুম কাফি হো’, ‘ইয়াহি হুঁ ম্যায়’, ‘সাদি গালি আজা’ ও ‘ন্যায়না না জোড়ি’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে তারকা হয়ে ওঠার আগের আয়ুষ্মান ছিলেন একেবারেই অন্য রকম। ১৯৮৪ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া এই অভিনেতার অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় কলেজজীবনেই। ডিএভি কলেজে পড়ার সময় নিজেই একটি নাট্যদল প্রতিষ্ঠা করেন এবং মঞ্চে অভিনয় করেন। বন্ধুদের সঙ্গে ট্রেনে মুম্বাই যাওয়ার সময় সহযাত্রীদের গান শুনিয়ে ট্রেনের কামরায়ও মাতিয়ে রাখতেন তিনি।
স্বপ্নের শহর মুম্বাইয়ে পা রাখার পরও সহজে সাফল্য ধরা দেয়নি আয়ুষ্মানের হাতে। থাকার জায়গা না থাকায় এক বন্ধুর ছোট ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিলেন। একবার বন্ধুর সঙ্গে তার প্রেমিকার ঝগড়ার কারণে এক রাতে ওই যুগলের মাঝখানেই ঘুমাতে বাধ্য হয়েছিলেন বলেও জানা যায়। পরে আরেক বন্ধুর সহায়তায় একটি মেডিক্যাল হোস্টেলে থাকার ব্যবস্থা হয় তার।
সংগ্রামের সেই দিনগুলো অবশ্য তার স্বপ্নকে থামাতে পারেনি। ২০০৪ সালে জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান ‘রোডিজ’ জিতে প্রথমবার ব্যাপক পরিচিতি পান আয়ুষ্মান। এরপর উপস্থাপক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দেন। ছোট পর্দায় একাধিক কাজের পর ধীরে ধীরে অভিনয়ে নিজের জায়গা শক্ত করেন তিনি।
আজ বলিউডের সফল তারকাদের একজন হলেও আয়ুষ্মানের জীবনদর্শন বেশ সাদামাটা। গত বছর এক সাক্ষাৎকারে নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, কোনো কিছুই স্থায়ী নয়। তার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানকে ভালোভাবে বাঁচা। তাই প্রতিটি দিনকে নিজের সর্বোচ্চটা দিয়ে উপভোগ করতে চান তিনি।
ট্রেনের কামরায় সহযাত্রীদের গান শোনানো সেই তরুণ থেকে আজকের জনপ্রিয় বলিউড তারকা—আয়ুষ্মান খুরানার পথচলা তাই শুধু সাফল্যের গল্প নয়, বরং স্বপ্ন, সংগ্রাম ও নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখার গল্পও।
এসএ/এসএন