© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

শেয়ার করুন:
অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকাই শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন সহকর্মী ও সংগীতাঙ্গনের পরিচিতজনেরা।

মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে মুকুল জামিলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শোকবার্তা দিচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। গায়ক-সুরকার মোহাম্মদ মিলনও প্রিয় সহকর্মীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না। স্মৃতিচারণ করে তিনি জানান, দেখা হলেই মুকুল জামিল তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং কপালে চুমু দিতেন।

মোহাম্মদ মিলন আরও জানান, মুকুল জামিল মূলত সংগীতশিল্পী হলেও তার একটি গানের মাধ্যমে অভিনয়ে প্রথমবার মডেল হিসেবে কাজ করেন। মজার ছলে ‘সেলফি’ গানে তাকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর মিলনের আরও বেশ কয়েকটি গানে অভিনয় করতে দেখা যায় মুকুল জামিলকে।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরে সংগীতের জগতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে ৩০টিরও বেশি মিশ্র অ্যালবামে কাজ করেছেন। পাশাপাশি প্রকাশ করেছেন একক অ্যালবাম ‘আমি তো এমনই’।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছিলেন মুকুল জামিল। বিভিন্ন গানের দৃশ্যায়নে অভিনয়ের পাশাপাশি নাটক ও সিনেমাতেও কাজ করেছেন তিনি। ফলে সংগীত ও অভিনয়- দুই অঙ্গনেই সহকর্মীদের সঙ্গে তার ছিল দীর্ঘ পথচলা।

হঠাৎ তার চলে যাওয়ায় সেই সহকর্মীরাই এখন স্মৃতিচারণ করছেন। মুকুল জামিলের সংগীত ও অভিনয়জীবনের নানা কাজের মধ্য দিয়েই তাকে মনে রাখবেন দর্শক-শ্রোতারা।

এসএ/এসএন


মন্তব্য করুন