আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে: ভিনিসিয়ুসের বান্ধবী
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রুজেরিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফনসেকা।
স্থানীয় সংবাদমাধ্যম ‘রোতা ভের্দে গোইয়াস’এর বরাতে গোলডটকম জানিয়েছে, ব্রাজিলের গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জরুরি বিভাগের এক চিকিৎসক মোটরসাইকেলে থাকা রুজেরিওর ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন। তার স্ত্রী পাউলা রেজিনাকে হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের মাদ্রিং সার্কিটের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফনসেকা। পরে ইনস্টাগ্রামে নিরাপত্তারক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে তিনি জানান, নিহতদের পরিবারের সব সদস্যকে আনুষ্ঠানিকভাবে খবর দেওয়ার আগে বিষয়টি প্রকাশ করতে চাননি তিনি।
আবেগঘন বার্তায় ফনসেকা লিখেছেন, আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম। এতক্ষণ কিছু পোস্ট করিনি, কারণ আমরা চেয়েছিলাম খবরটি যেন আগে পরিবারের সব সদস্য জানতে পারেন। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না। আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।
কামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
প্রয়াত দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। হেলোইস নামের শিশুটির দায়িত্ব নেওয়ারও আশ্বাস দিয়েছেন ফনসেকা। তিনি জানিয়েছেন, শিশুটির অভিভাবক হিসেবে পাশে থাকবেন এবং ভবিষ্যতেও তার দেখভাল করবেন।
মর্মান্তিক এই ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফনসেকা।
সূত্র: গোলডটকম
আরআই/টিএ