এআই না শিখলে আমাদের শিশুরা পিছিয়ে পড়বে: মেলানিয়া ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:১৮ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে শিশুদের এখনই শেখা উচিত, তা না হলে তারা ভবিষ্যতের দৌড়ে পিছিয়ে পড়বে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শ্রেণিকক্ষে এআই ব্যবহারের পক্ষে এই জোরালো মত দেন।
মাউন্টেন ভিউ এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে মেলানিয়া বলেন, 'হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ আগামী দিনের দারুণ কোনো রোবট তৈরি করবে। আর যদি এমনটা পারো, তবে সেটি আমাকে দেখাতে অবশ্যই হোয়াইট হাউসে নিয়ে এসো।'
এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কোনো শঙ্কা আছে কি না- একজন সংবাদকর্মীর এমন প্রশ্নের জবাবে ফার্স্ট লেডি জানান, শিশুদের অবশ্যই এ বিষয়ে শিখতে হবে এবং একই সঙ্গে তাদের সতর্কও থাকতে হবে। তিনি বলেন, 'এটিই আমাদের ভবিষ্যৎ। শিশুদের সঠিক পথ দেখাতে হবে এবং এআই খাতে যুক্তরাষ্ট্রকেই বিশ্বে নেতৃত্ব দিতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়ব।'
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, তার 'বি বেস্ট উদ্যোগের অধীনে নর্থ ক্যারোলিনার অ্যাশ কাউন্টির ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এআই লার্নিং প্ল্যাটফর্ম 'স্টাডিফেচ'-এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। এছাড়া যে স্কুলটি তিনি পরিদর্শন করেছেন, সেখানকার শিক্ষার্থীদের এআই অ্যাপ চালানোর উপযোগী ১০০টি 'জেটসন ন্যানো ডেভেলপার কিট বা ছোট কম্পিউটার দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রযুক্তি খাতে পিছিয়ে পড়ার বিষয়ে মেলানিয়ার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি একই ধরনের মন্তব্য করেছেন। এক সামাজিক মাধ্যমের পোস্টে তিনি জানান, যেসব সম্প্রদায় এআই ডেটা সেন্টারের মতো প্রযুক্তিগত উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা মূলত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবেই থেকে যাবে।
সূত্র: ইয়াহু নিউজ
এমআই/এসএন