‘আদিবাসী স্কুল ঠিক করো’, নতুন আন্দোলনে ককরোচ জনতা পার্টি
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের মহারাষ্ট্রের গড়চিরোলি জেলা থেকে ‘আদিবাসী স্কুল ঠিক করো’ নামে একটি বিশেষ আন্দোলন শুরু করতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের লক্ষ্য, আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুলগুলোর অবকাঠামোগত সংকট, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি তুলে ধরা। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের আমলে ভারতের আদিবাসী এলাকার স্কুলগুলো অবহেলার শিকার হয়েছে।
অভিযানের অংশ হিসেবে সিজেপির প্রতিনিধিরা বিভিন্ন আদিবাসী স্কুল পরিদর্শন করবেন এবং সেখানে থাকা সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান দীপকে।
তিনি অভিযোগ করেন, অনেক স্কুল এখনো ভাড়া করা ভবনে চলছে, পর্যাপ্ত অবকাঠামো নেই এবং আদিবাসী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।
দীপকের দাবি, গত দুই বছরে মহারাষ্ট্রে ৫৯০ জনের বেশি আদিবাসী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাপের কামড়সহ বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও রয়েছে বলে তিনি দাবি করেন। নিহত শিক্ষার্থীদের পরিবারগুলো সবসময় পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় না বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া একলভ্য মডেল আবাসিক স্কুল নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি নেতা। তার দাবি, দেশটির ৭২০টি একলভ্য মডেল আবাসিক স্কুলের মধ্যে ৪৭৭টি কার্যকর নেই। তবে এসব তথ্য সংবাদ সম্মেলনে দীপকের উপস্থাপিত দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উচ্চশিক্ষায় আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ জানান তিনি। দীপকের দাবি, উচ্চশিক্ষায় তফসিলি উপজাতি (এসটি) শিক্ষার্থীদের অংশগ্রহণ ২২ দশমিক ৮ শতাংশ এবং আইআইটিতে মাত্র ১৩০ জন এসটি আবেদনকারী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
এর আগে সিজেপি ‘স্কুল ঠিক করো’ নামে দেশব্যাপী একটি অভিযান শুরু করেছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার বিশেষভাবে আদিবাসী স্কুল ও শিক্ষার্থীদের নিয়ে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।
অভিযানের মাধ্যমে স্কুলের সংস্কার, শিক্ষক সংকট, সরকারি অর্থায়ন, ডিজিটাল শিক্ষা, শৌচাগার ও ক্রীড়া অবকাঠামোর মতো বিষয়গুলো নিয়ে তথ্য সংগ্রহ ও প্রচার চালানো হবে বলে জানিয়েছে দলটি।
গড়চিরোলির কর্মসূচির পাশাপাশি নাগপুরে আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে অভিজিৎ দীপকের।
এমআই/এসএন