© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নব্বইয়ের প্রেমের নস্টালজিয়া ‘মিশন ডিডিএলজে’র ট্রেলার প্রকাশ

শেয়ার করুন:
নব্বইয়ের প্রেমের নস্টালজিয়া ‘মিশন ডিডিএলজে’র ট্রেলার প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নব্বইয়ের দশকের প্রেমের নস্টালজিয়াকে নতুন সময়ের গল্পে মিশিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। মুক্তির আগে প্রকাশিত হয়েছে এর প্রায় দুই মিনিটের ট্রেলার। ট্রেলারজুড়ে শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র স্মৃতির নানা অনুষঙ্গ চোখে পড়ে।

নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের চরিত্রের কথোপকথন ও দৃশ্যায়নে উঠে এসেছে ডিডিএলজের রাজ-সিমরানের প্রসঙ্গ। এমনকি সেই সিনেমায় রাজের কাজলকে প্রপোজ করার দৃশ্যের প্রতিও ইঙ্গিত রাখা হয়েছে। ফলে পরিচিত প্রেমের গল্পের আবহে নতুন কোনো গল্প কীভাবে এগোয়, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ট্রেলারের দৃশ্যগুলোতে গ্রামীণ আউটডোর, নরম আবহ এবং সরল প্রেমের মুহূর্তে ফুটে উঠেছে নব্বইয়ের দশকের রোম্যান্টিক আবেগ। তবে সেই নস্টালজিয়াকে হুবহু ফিরিয়ে না এনে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।



‘মিশন ডিডিএলজে’ মূলত রোম্যান্টিক কমেডি ঘরানার। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নাওভী ও লাবণ্যকে দেখা যাবে নতুন জুটি হিসেবে। নির্মাতার ভাষ্য, দুজনের রসায়ন গল্পটিকে আরও প্রাণবন্ত করবে।

ছবিটির নাম নিয়েও রয়েছে আলাদা রহস্য। নির্মাতা জানিয়েছেন, ‘মিশন ডিডিএলজে’ নামের আড়ালে রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। তবে সেই নামের সঙ্গে গল্পের সম্পর্ক কী, তা আপাতত প্রকাশ করতে নারাজ তিনি। রহস্যের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে পুরো ওয়েব ফিল্মের জন্য।

আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মিশন ডিডিএলজে’র

একেএস/টিএ

মন্তব্য করুন