© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ কান্ট্রি সংগীতের কিংবদন্তি হ্যাঙ্ক উইলিয়ামসের জন্মদিন

শেয়ার করুন:
আজ কান্ট্রি সংগীতের কিংবদন্তি হ্যাঙ্ক উইলিয়ামসের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আজ কান্ট্রি সংগীতের কিংবদন্তি হ্যাঙ্ক উইলিয়ামসের জন্মদিন। ১৯২৩ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নেওয়া এই শিল্পী মাত্র ২৯ বছরের জীবনে নিজের স্বতন্ত্র কণ্ঠ, আবেগঘন গান ও শক্তিশালী গীতিকবিতার মাধ্যমে মার্কিন সংগীতজগতে স্থায়ী প্রভাব রেখে গেছেন।

শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল হ্যাঙ্কের। ব্লুজ শিল্পী রুফাস পেইনের কাছে গিটার শেখার পর ধীরে ধীরে নিজের সংগীতজীবন গড়ে তোলেন তিনি। পরে ‘দ্য ড্রিফটিং কাউবয়েজ’ ব্যান্ড গড়ে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন। তার কণ্ঠ ও গানের আবেগ খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তোলে।

হ্যাঙ্ক উইলিয়ামসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ইওর চিটিন হার্ট’, ‘হে গুড লুকিন’, ‘আই’ম সো লোনসাম আই কুড ক্রাই’ ও ‘লাভসিক ব্লুজ’। ১৯৪৮ সালে ‘লাভসিক ব্লুজ’ বিলবোর্ডের কান্ট্রি সংগীত তালিকার শীর্ষে উঠে আসে। গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেওয়ার পাশাপাশি কান্ট্রি সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

মাত্র কয়েক বছরের সংগীতজীবন হলেও হ্যাঙ্কের প্রভাব ছিল সুদূরপ্রসারী। জনি ক্যাশ, এলভিস প্রিসলি, বব ডিলান, চক বেরি ও দ্য রোলিং স্টোনসসহ পরবর্তী সময়ের বহু শিল্পীর সংগীতে তার প্রভাবের কথা উঠে এসেছে। তার গানের সরল অথচ গভীর আবেগ এবং ব্যক্তিগত অনুভূতির প্রকাশ পরবর্তী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করেছে।

১৯৫৩ সালের ১ জানুয়ারি ওয়েস্ট ভার্জিনিয়ার কাছে গাড়িতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন হ্যাঙ্ক উইলিয়ামস। মাত্র ২৯ বছর বয়সেই থেমে যায় তার জীবন। তবে মৃত্যুর পর তার সংগীতের জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে।

১৯৬১ সালে কান্ট্রি মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত হন হ্যাঙ্ক। এরপর ১৯৭০ সালে সংরাইটার্স হল অব ফেম এবং ১৯৮৭ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমেও জায়গা করে নেন তিনি। সংগীত ও গীতিকবিতায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে মরণোত্তর পুলিৎজার পুরস্কারের বিশেষ সম্মাননাও পান এই কিংবদন্তি শিল্পী।

স্বল্পায়ু জীবনে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া হ্যাঙ্ক উইলিয়ামসের গান আজও কান্ট্রি সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। জন্মদিনে তাই নতুন করে স্মরণ করা হচ্ছে সংগীতের এই অমর শিল্পীকে।

এসএ/এসএন

মন্তব্য করুন