বাগদানের ৬ মাসেই ভারতীয় ক্রিকেটার পৃথ্বী ও ইনফ্লুয়েন্সার আকৃতির বিচ্ছেদ
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বাগদানের মাত্র ছয় মাসের মাথায় ভারতীয় দলের উঠতি ও আলোচিত ক্রিকেটার পৃথ্বী শ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগারওয়াল তাদের সম্পর্কের ইতি টানলেন। পারস্পরিক সম্মতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভাবাবেগপূর্ণ বার্তার মাধ্যমে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করে আকৃতি ভক্তদের প্রতি অনাহুত জল্পনা-কল্পনা ও অনুমান করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে আকৃতি জানান, ভবিষ্যতের লক্ষ্য এবং জীবনের বর্তমান পরিস্থিতির মধ্যে ভিন্নতা দেখা দেওয়ায় গভীর বেদনার সঙ্গে তিনি ও তার বাগদত্ত আলাদা পথে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুভূতি থাকা সত্ত্বেও বাস্তবতাকে মেনে নিয়েই এই পথ বেছে নিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তাদের বর্তমান দায়িত্ব ও মুখোমুখি হওয়া পরিস্থিতির কারণে উভয়ে মিলে সম্পর্ক ছিন্ন করাই সঠিক মনে করেছেন জানিয়ে আকৃতি লেখেন, সামনে এগিয়ে চলার এই সময়ে তিনি নিজেদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল, শান্তি ও সুখ কামনা করছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর পাশাপাশি বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে কোনো ধরনের অনুমান না করার জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতি জোর আর্জি জানান তিনি।
এর আগে, চলতি বছরের মার্চে পৃথ্বী ও আকৃতি তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। ওই সময় ক্রিকেটার পৃথ্বী স্বয়ং তাদের বাগদান অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
তবে বাগদানের মাত্র কয়েক মাস পরেই গত জুলাইয়ে একটি রহস্যময় ও পরোক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিশ্বস্ততায় আঘাত বা প্রতারণা-সংক্রান্ত সেই পোস্টের পর অনেকে মনে করেছিলেন আকৃতি ক্রিকেটার পৃথ্বীর দিকেই ইঙ্গিত করছেন। যদিও পরবর্তীতে আকৃতি নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান যে, ওই লেখাটি তার বন্ধুদের উদ্দেশ্যে ছিল, পৃথ্বীর উদ্দেশ্যে নয়।
অবশেষে সব গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে নতুন এই বার্তার মাধ্যমে দুই জগতের দুই তারকার মধ্যকার সম্পর্কের পথ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেল।
সূত্র: মিড-ডে
এসএ/এসএন