মোদির ৭৬তম জন্মদিনে শাহরুখদেশকে অনুপ্রাণিত করুন
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন আজ, ১৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে বলিউডসহ ভারতের বিনোদন জগতের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মোহনলাল, জ্যাকি শ্রফ ও শিল্পা শেঠি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শাহরুখ খান প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবনে আরো অনেক বছর সুস্বাস্থ্য, সুখ ও পরিপূর্ণতা আসুক। দেশকে অনুপ্রাণিত করার শক্তি ও ইতিবাচকতা সব সময় আপনার সঙ্গে থাকুক।’
অক্ষয় কুমারও এক্সে মোদিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনটি সেবার সংকল্পের সঙ্গে পালন করা হচ্ছে। কারো কাজে আসা, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা কারো মুখে হাসি ফোটানো- জন্মদিন পালনের এর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শেষে মোদিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমাদের মহান দেশকে অনুপ্রাণিত করতে থাকুন।’
মালয়ালম অভিনেতা মোহনলালও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে তিনি মোদির দেশের অগ্রগতিতে কাজের কথা উল্লেখ করে সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।
অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতা জ্যাকি শ্রফও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
এসএ/এসএন