© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর লেক পরিষ্কারে নৌকার সংখ্যা ২ থেকে ১০টিতে উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
রাজধানীর লেক পরিষ্কারে নৌকার সংখ্যা ২ থেকে ১০টিতে উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ এএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে লেকের ভাসমান বর্জ্য অপসারণে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা বর্তমান ২টি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ পুরোপুরি বন্ধ করা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কারিগরি কমিটির পর্যালোচনায় গুলশান লেকে পয়ঃবর্জ্য প্রবেশের উৎস হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

লেকের তলদেশে জমে থাকা স্লাজ বা কাদা অপসারণের জন্য ভাসমান এক্সক্যাভেটর ব্যবহারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাইলট প্রকল্পের অগ্রগতিও মূল্যায়ন করেন তিনি।

লেকের পরিবেশ ফেরাতে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর যন্ত্র বা এরেটর স্থাপন এবং দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগের প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি জানানো হয়, রাজউকের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিতে ইতোমধ্যেই ৪২ জন জনবলের সমন্বয়ে পাঁচটি বিশেষ টিম নিয়োজিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন