রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা লংমার্চ করছেন : পরিকল্পনা প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৩০ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য নানানভাবে মাঠে নেমে পড়েছেন, লংমার্চ করছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নানান ফাঁকফোকর অথবা সাময়িকভাবে এই যে সময় যত জায়গা লাগছে, এটাকে কাজে লাগিয়ে এখন বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য নানানভাবে মাঠে নেমে পড়েছেন লংমার্চ করছে কত কিছুই করছেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পরে দেখলাম একদল মব সৃষ্টি করছে, জবরদস্তি কায়েম করে নিজেদের মত চাপিয়ে দিচ্ছে। এইটা কিন্তু এমনি এমনি না। এইটার পেছনে একটা রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছে আবার হাওয়া দিচ্ছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যারা এখানে চিৎকার করে, ফেসবুকে গালাগালি করে, তাদের পক্ষে আমরা দেখি আবার বিরোধী দলের মঞ্চ থেকে কথা বলা হয়। তাইলে এই যোগাযোগটা পরিষ্কার না? কারা মব তৈরিতে আজকে সাহায্য করছে? তারা এইরকম পরিস্থিতি তৈরি করে নিজেদের ফায়দা তুলতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, জনগণের সর্বভৌমত্ব কায়েম হলে, জনগণ এই রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে সরকার তৈরি করবেন। যারা অন্য কোনো মতবাদ চাচ্ছেন, জনসার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, তাদের কোনো রকম মতবাদকে আমরা সফল হতে দেবো না।
জোনায়েদ সাকি আরও বলেন, আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, দেশ ছেড়ে তারা পালিয়েছে। এই দেশে অন্য কোনো কিছুর নামে যদি আর কোনো শক্তি, ধর্মের নামে কিংবা নিজেদের বয়ানের নামে যদি ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাদেরও এই চেষ্টা আমরা সফল হতে দেবো না।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাচ্ছি, উন্নতি করতে চাচ্ছি, তখন সেটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকে চেষ্টা করছে। সেই চেষ্টা যাতে কেউ না করতে পারে, তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক মত পথ ভিন্ন হতে পারে। কাজেই রাজনৈতিক অধিকার রাষ্ট্রে আছে। তারা সভা করবেন, লংমার্চ করবেন, বক্তব্য রাখবেন। কিন্তু আমাদেরকেও সতর্ক থাকতে হবে। জনগণকে যে, কে কী বলছে, কী উদ্দেশ্যে বলছে, কী ফায়দা তোলার জন্য বলছে এবং কার মতবাদ কী আছে? তিনি বলেন, একটা সচেতন রাজনৈতিক জনগোষ্ঠী যদি থাকে, তাহলে সেই দেশে কোনো অপশক্তি আর ভর করতে পারে না।
জোনায়েদ সাকি আরও বলেন, আপনারা সবাই খুবই নাকাল অবস্থায় আছেন। কিন্তু বলেন তো, এই অবস্থাটা কারা তৈরি করেছে? ফ্যাসিস্ট আমলে যে ভুল নীতি, দুর্নীতি করা হয়েছে, আজকে তার ফল আমরা ভোগ করছি। দেশের অভ্যন্তরে গ্যাসের উৎপাদন বৃদ্ধিসহ বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ নেয়ার বিষয়টি তিনি তুলে ধরেন।
প্রতিমন্ত্রী সাকি আরও বলেন, বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত সড়ক নির্মাণ হলে বিশেষ করে বাঞ্ছারামপুর ও নবীনগরে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। এই সড়ক নির্মাণের মাধ্যমে এসব এলাকায় বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পাশের কুমিল্লার কয়েকটি উপজেলাতেও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. এ খালেক পিএসসি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. এমরান খান, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ. কে. এম. ভিপি মুসাসহ গণসংহতি আন্দোলন ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমআই/টিএ