ইরানযুদ্ধ তাদের অর্থনীতিতে 'ভূমিকম্পের' মত আঘাত হেনেছে: কাতারের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:১২ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি আঞ্চলিক নিরাপত্তার প্রধান শর্ত হিসেবে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
রোববার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদ-সংলগ্ন কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে 'মার্কিন-ইসরায়েলি যুদ্ধের' ফলে যে 'ভূমিকম্প' তৈরি হয়েছে, তার আফটারশক পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে গেছে। এর ফলে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত প্রচলিত ধারণাগুলো এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
চলমান এই সংঘাতের গভীর অর্থনৈতিক প্রভাব তুলে ধরে শেখ মোহাম্মদ বলেন, সংকটের কারণে জ্বালানি সরবরাহ, নৌপরিবহন পথ এবং বিনিয়োগ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।
কাতার নিজেদের অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তি মজবুত রেখে এই সংকট মোকাবিলা করলেও পুরো অঞ্চলে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। তিনি জোর দিয়ে বলেন, কোনো রাষ্ট্রকে স্থায়ীভাবে অনিরাপদ রেখে টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়; বরং উত্তেজনার মূল কারণগুলো সমাধান করে পারস্পরিক আস্থা তৈরি করতে হবে।
এমন একটি আঞ্চলিক কাঠামো গঠন করা জরুরি, যেখানে কোনো রাষ্ট্রই অন্য কোনো রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।
এফআর/এসএন