জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির
ছবি: সংগৃহীত
০৪:৪৬ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ বিক্ষোভে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সোমবার এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সাড়ে ৭ টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে এনসিপি।
দলটির পক্ষ থেকে বার্তা, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।
প্রসঙ্গত, তেলের দাম বাড়ানোর রেকর্ড অনুযায়ী এবারের দাম বৃদ্ধি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে জনরোষে ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে দেওয়া হয়। আর বর্তমান সরকার প্রথম দফায় গত ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়িয়েছিল।
কেএন/টিএ