‘জঙ্গি’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া কুমিল্লার সেই শিক্ষিকার বদলি
ছবি: সংগৃহীত
০৬:৫০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
‘জঙ্গি নাটক’ সাজিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৩ শিক্ষার্থীকে পুলিশে দেওয়া সেই শিক্ষিকা অধ্যাপক নিলুফার সুলতানা বদলি হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নিলুফার সুলতানার বদলি কথা জানা গেছে।
নিলুফার সুলতানা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে তাঁকে পদোন্নতি দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা হলের তিন ছাত্রীর কাছে ইসলামিক বই পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে পুলিশে সোপর্দ করে নিলুফার সুলতানা।
জঙ্গিবাদের অভিযোগে দায়ের করা ওই মামলায় প্রায় এক দশক ধরে চলমান থাকে আদালত, এ সময় জামিন ও সামাজিক কলঙ্কের ভার বয়ে বেড়াতে হয়েছে তিন কলেজছাত্রীকে। সর্বশেষ চলতি বছরের ২৪ মে জঙ্গিবাদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তাঁদের খালাস দেন।ভুক্তভোগী তিন ছাত্রী ও মামলার নথিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
নাম-পরিচয় গোপন রাখার শর্তে ভুক্তভোগী তিন ছাত্রীর সঙ্গে কথা হয়। নিলুফার সুলতানার বিচার দাবি করে তাঁরা বলেন, ‘নয় বছর ৯ মাস ২৭ দিন ধরে মামলাটি চলমান ছিল। এ সময়ে ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি। এখন যে তদন্ত কমিটি করা হয়েছে, এই কমিটির নাম দেওয়া হোক ‘আজীবন তদন্ত কমিটি’। বর্তমান অধ্যক্ষও আমাদের তদন্ত কমিটির তদন্ত কর্মকর্তাদের নাম জানাননি। নয় বছরেও তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পারেনি। এখন নিলুফার সুলতানা কুমিল্লা থেকে চলে যাচ্ছেন। আমরা কি এই ঘটনার বিচার পাব?’
জঙ্গি নাটকের বিষয়ে জানতে একাধিকবার কল মেসেজে করেও অধ্যাপক নিলুফার সুলতানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা বলেন, ‘তাদের জীবনে যা ঘটে গেছে, আমরা কি সেটা ফিরিয়ে দিতে পারব? ভাগ্য ভালো, সরকার পরিবর্তনের কারণে, তারা মামলা থেকে মুক্তি পেয়েছে। আমাদের তদন্ত কমিটি বলেছে, এগুলো ইসলামিক বই, জঙ্গিবাদের বই নয়।’
এসএন