কুমিল্লায় ৪ গ্রামের দিনভর সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা নাথেরপেটুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এই ঘটনায় কিছু সময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ইট পড়ে কিছু পরিবহনের কাঁচ ভেঙ্গে যায়। কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়েছে। লুট হয়েছে দোকানের মালামাল। মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান। পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের জাগির ও হাতিমারা গ্রামের বাসিন্দাদের সঙ্গে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া ও পুজকরা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নাথেরপেটুয়া বাজারে পুজকরা গ্রামের এক ফল বিক্রেতার সঙ্গে জাগির গ্রামের এক নারীর ফল কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। তবে নারীর দাবি তাকে ইভটিজিং করেছে। ওই নারী বিষয়টি তাঁর স্বামীকে জানালে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফল বিক্রেতাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মনোহরগঞ্জ থানার ওসি মাসুদ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট থানা এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমআর/টিএ