© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালো গাউনে মিলানে নজর কাড়লেন রাশমিকা

শেয়ার করুন:
কালো গাউনে মিলানে নজর কাড়লেন রাশমিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ইতালির মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম আলোচিত আয়োজন ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েই নজর কেড়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় ডিজাইনারের তৈরি নজরকাড়া কালো গাউনে হাজির হয়ে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি।

রাশমিকার পরনের গাউনটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অনামিকা খান্না। তার সর্বশেষ পোশাক সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর বিশেষ এই পোশাকটি রানওয়ের জন্য তৈরি করা হয়নি। স্বচ্ছ কালো লেস, ফুলের সূক্ষ্ম নকশা, বিডের কাজ এবং ক্রিস্টালের কারুকাজে গাউনটিতে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।

পোশাকটি তৈরিতে ডিজাইনারের স্টুডিওতে সময় লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম কারুকাজের পাশাপাশি ফুলের নকশা ও বিভিন্ন ধরনের অলংকরণে সাজানো হয়েছে পুরো গাউন। ফলে পোশাকটির প্রতিটি অংশেই ছিল নিখুঁত নকশার ছাপ।



স্লিভলেস ও গলা-ঢাকা নকশার মেঝেছোঁয়া গাউনটির অন্যতম আকর্ষণ ছিল কাঠামোবদ্ধ কোরসেট। ফুলের নকশার সঙ্গে ছড়িয়ে থাকা ঝলমলে সিকুইন এবং গলার কাছে ক্রিস্টালখচিত কলার রাশমিকার সাজে যোগ করেছে আলাদা মাত্রা।

পোশাকের নকশাই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই গয়নায় ছিল সংযত আয়োজন। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটি পরেছিলেন রাশমিকা। সঙ্গে ছিল ব্রোঞ্জ আভাযুক্ত সাজ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের উঁচু বুট। হাতে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে এবারের ‘ভোগ ওয়ার্ল্ড’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতের নকশা- ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এই আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চে আলাদা করে নজর কেড়েছে রাশমিকার উপস্থিতি। ভারতীয় ডিজাইনারের তৈরি প্রায় ৩৫০ ঘণ্টার শ্রমে তৈরি কালো গাউনে তার অভিষেকের সাজ তাই হয়ে উঠেছে আয়োজনটির আলোচিত মুহূর্তগুলোর একটি।

এসএ/এসএন


মন্তব্য করুন