© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বহু বছর পর এক মঞ্চে অমিতাভ ও মাধুরী

শেয়ার করুন:
বহু বছর পর এক মঞ্চে অমিতাভ ও মাধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত-বলিউডের দুই প্রজন্মের জনপ্রিয় তারকা। দীর্ঘ ক্যারিয়ারে দুজনকেই অসংখ্য সিনেমা ও অনুষ্ঠানে দেখা গেছে। তবে একসঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তাদের। এবার বহু বছর পর আবারও একই পর্দায় হাজির হতে যাচ্ছেন অমিতাভ ও মাধুরী। তবে সিনেমায় নয়, জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে দেখা যাবে এই দুই তারকাকে।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাধুরী তার মারাঠি অনুষ্ঠান ‘কৌন হুনের ক্রোড়পতি’র প্রচারের জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এ অতিথি হিসেবে আসছেন। চলতি সপ্তাহেই অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিশেষ এই পর্বের শুটিং হওয়ার কথা রয়েছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে মাধুরীর উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০০১ সালে প্রথমবার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। সেই পর্বে ৫০ লাখ টাকা জিতেছিলেন অভিনেত্রী। এরপর ২০১০ সালে অনুষ্ঠানটির চতুর্থ মৌসুমেও তাকে অতিথি হিসেবে দেখা যায়। এবার তৃতীয়বারের মতো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে উঠতে যাচ্ছেন মাধুরী।



অমিতাভ ও মাধুরীকে একসঙ্গে দেখার আগ্রহ বলিউডে বহুদিনের। ১৯৮৯ সালে পরিচালক তিনু আনন্দ তাদের নিয়ে ‘শনাক্ত’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমা আর নির্মিত হয়নি।

এরপর ১৯৯৮ সালে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার ‘মাখনা’ গানে একসঙ্গে দেখা যায় অমিতাভ ও মাধুরীকে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন শোতেও একসঙ্গে হাজির হয়েছেন তারা। তবে দীর্ঘ সময় পর এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে আবারও একই পর্দায় দেখা যাবে দুই তারকাকে।

এদিকে ওরম্যাক্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ বর্তমানে শীর্ষ ১০টি টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে রয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠানটি ৪০ লাখ ভিউ পেয়েছে। চলতি মৌসুমে সানি দেওল, আমির খান, প্রীতি জিনতা, অক্ষয় কুমার ও সাইফ আলি খানের মতো তারকারাও অতিথি হিসেবে হাজির হয়েছেন।

কাজের দিক থেকে ৮৩ বছর বয়সেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। সিনেমা ও টেলিভিশন-দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে কমল হাসানের সঙ্গে ‘কল্কি’ সিনেমার পরবর্তী কিস্তির শুটিং করছেন এই অভিনেতা। পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে মাধুরীও অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন। এবার তারই মারাঠি অনুষ্ঠান ‘কৌন হুনের ক্রোড়পতি’র প্রচারের সুবাদে অমিতাভের সঙ্গে আবারও এক মঞ্চে দেখা যাবে তাকে।

এসএ/এসএন

মন্তব্য করুন