একগুচ্ছ কর্মসূচি নিয়ে কাল ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৩১ এএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
একগুচ্ছ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)' শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
পরশুরামের কর্মসূচি শেষে দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে যাত্রা করবেন। দেড়টায় কলেজ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত 'রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে সাময়িক বিশ্রাম নেবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত মূল সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের বিশেষ সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সফর শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘাটঘর মুহুরী নদীর তীরে জনসভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থলে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম ও পরশুরাম-সুবার বাজার প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠসহ সংলগ্ন এলাকাগুলোর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এ সফরে আসার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে ১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়।
কেএন/টিএ