বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়, নারীদের দিলেন বিনামূল্যের টিকিট
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
ভারতের তামিলনাড়ুতে নারীদের বিনামূল্যে বাস ভ্রমণ সুবিধা আরও সম্প্রসারণ করেছে রাজ্য সরকার। 'ভেত্রি পায়ানাম' নামে এই কর্মসূচির সম্প্রসারিত সংস্করণ উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় নিজেই বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দেন।
শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ে একটি সরকারি বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন বিজয়। এ সময় তাকে কন্ডাক্টরের ভূমিকায় টিকিট বিতরণ করতে দেখা যায়। যাত্রীরা মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন। বাসে থাকা কয়েকজন কলেজছাত্রীও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেট দেন।
সম্প্রসারিত ভেত্রি পায়ানাম কর্মসূচির আওতায় এখন মহানগর ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস (এলএসএস) ও ডিলাক্স বাসেও নারী ও ট্রান্সজেন্ডার যাত্রীরা বিনামূল্যে চলাচল করতে পারবেন। এ ছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে চলা মফস্বল অর্ডিনারি ও ঘাট অর্ডিনারি বাসও এই সুবিধার আওতায় এসেছে।
তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসে এই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩০ হাজার নারী এর সুবিধা পেতে পারেন বলে সরকারের ধারণা।
এসব বাস সাতটি পরিবহন সংস্থার নির্ধারিত মোট বাসের প্রায় ৬৯ শতাংশ। দৈনিক নির্ধারিত একক যাত্রার প্রায় ৮৫ শতাংশও এর আওতায় পড়বে। তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান বলেন, কর্মক্ষেত্র, কলেজ, হাসপাতাল ও অন্যান্য জরুরি গন্তব্যে নারীদের যাতায়াত সহজ করতেই এই উদ্যোগ সম্প্রসারণ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএ/টিএ